মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম , ২০ জুলাই, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পূর্ব চৌরাস্তা হতে ডাকবাংলোর দক্ষিণ সীমানা পর্যন্ত গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের চূড়ান্ত নোটিশ দিয়েছে ঠাকুরগাঁও জেলা পরিষদ। জেলা পরিষদ সূত্রে জানা যায়, পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা হতে ডাকবাংলোর দক্ষিণ সীমানা পর্যন্ত রাস্তার পূর্বপাশে মার্কেট উদ্যোগ নেয় জেলা পরিষদ।
এই মার্কেট নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে ইতিমধ্যে প্রশাসনিক অনুমোদন পেয়েছে জেলা পরিষদ। কিন্তু ওই জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন বেশ কয়েকজন অবৈধ দখলদার। ঐ জায়গা নিজেদের দাবি করে সেখান থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের গত ৩ জুলাই ঠাকুরগাঁও জেলা পরিষদের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়।
দখলদারদের পত্র পাওয়ার ৭দিনের মধ্যে তাদের নিজ নিজ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয় ওই নোটিশে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে মার্কেট নির্মাণের স্বার্থে জেলা পরিষদের পক্ষ থেকে ওইসব স্থাপনা অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ পূর্ব চৌরাস্তার বেশ কয়েকজন দখলদার।
এবিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল রহমান জানান, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে। ওইসব অবৈধ স্থাপনা অপসারণের পরই মার্কেট নিমার্ণের কাজ শুরু করা হবে। এদিকে,ঐ জায়গায় মার্কেট নিমাণের বিরোধীতা করে আসছে দখলদাররা।তাদের দাবি, সেখানে জেলা পরিষদের পক্ষ থেকে মার্কেট নির্মাণ করা হলে রাস্তার ধারে ব্যক্তি-মালিকানা জমিতে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনায় সমস্যার সৃষ্টি হবে।


























