মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম , ৫ আগষ্ট, ২০১৭ ।

ঠাকুরগাঁও শহরে ব্যাটারিচালিত রিকশাগুলো রাস্তার উপর এলোমেলোভাবে পার্কিং করায় যানজট তৈরি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, শহরের চৌরাস্তা মোড়সহ বিভিন্ন রাস্তায় এলোমেলো করে রাখা আছে ইজি বাইক, ব্যাটারিচালিত রিকশা ও নসিমন, করিমন। তার পাশ দিয়ে অন্য যানবাহন চলাচল করছে ধীর গতিতে। এতে শহরের রাস্তাগুলোতে যানযট তৈরি হচ্ছে।
পথচারীরা অভিযোগ করে বলেন, সারা শহরে এরা ছড়িয়ে থাকে। এতে যানজট বাড়ে। এসব রিকশার কারণে রাস্তা চলাচল বিপজ্জনক হয়ে গেছে। তবে এই রিকশাগুলোর স্ট্যান্ড থাকলে যানযট কমে যেত বলে জানান তারা। ঠাকুরগাঁও জেলা শহরে ব্যাটারী চালিত প্রায় ৮ হাজার অটোবাইক এবং প্রায় ২ হাজার রিক্সা চলাচল করছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব অবৈধ যানবাহন চলাচলের কারণে শহরের যত্রতত্র যানজটের সৃষ্টি হচ্ছে।
এসব অধিকাংশ বাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং অদক্ষতার কারণে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। নিরাপদ সড়ক চাই ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক ননি গোপাল বর্মন বলেন, “ঠাকুরগাঁওয়ে ইজি বাইকের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। রাস্তা ঘাটে চলাচল করা এখন খুবই অসুবিধা । “আমরা নিরাপদ সড়ক চাই আন্দোলন করে যাচ্ছি। কিন্তু সড়ক নিরাপদ না হয়ে আরো বেশি অনিরাপদ হচ্ছে।” অটোবাইক চালকরা জানান, অটোবাইক এসে তাদের উপার্জন ভালো হচ্ছে, সংসার ভাল ভাবে চলছে। রাস্তায় যানজটের ব্যাপারে ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে ট্রাফিক সার্জন ফারুক হোসেন বলেন, “আমরা সব সময় যানজট নিরসনে কাজ করে যাচ্ছি। অটোবাইকগুলোর জন্য একটা স্ট্যান্ড করা হলে এ সমস্যা কিছুটা হলেও কমবে।”


























