মজিবর রহমান শেখ , ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ১৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঠাকুরগাঁও সদর উপজেলার চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৭ সেপ্টেম্বর রোববার রাতে ওই নির্যাতিত শিশুকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর হাজীপাড়া এলাকায় পিতা আরিফের ১১ বছরের শিশুকে ওই এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে মানিক(২২) সকাল ১১টার সময় মোহাম্মদপুর ইউনিয়নের সোহাগ চেয়ারম্যানের বাড়ীর পার্শে¦ আরিফের দোকানে একাকী পেয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে মানিক পালিয়ে যায়।
পরে নির্যাতিত শিশুর বাবা-মা মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান সোহাগকে অভিযোগ করলে ঘটনার সঙ্গে জড়িত মানিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ওই নির্যাতিত শিশুর বাবা অভিযোগ করে বলেন, সকাল থেকে চেয়ারম্যান শুধু মীমাংসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালে ভর্তি হতে বারণ করেন।
শিশুটির শারীরিক অবস্থা দেখে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের চেষ্টাকারী মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। ধর্ষণের বিষয়টি মীমাংসার আলোচনা চলছে বলে চেয়ারম্যান জানান। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাথী আক্তার জানান, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ডাক্তারি পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ধর্ষণের অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর শিশু ধর্ষণকারী মানিককে গ্রেফতার করা হয়। বিষয়টি নিয়ে ওই এলাকায় এখন চাঞ্চল্যকর বিরাজ করছে।


























