মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ৭ নভেম্বর, ২০১৭ ।

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের আজিজুল ইসলামের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে ৩৫টি ঘরবাড়ি।
৭ নভেম্বর মঙ্গলবার ভোররাত (সোমবার ৬ নভেম্বর দিবাগত রাত) আড়াইটায় । খবর পেয়ে ঠাকুরগাঁও সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সরেজমিনে গিয়ে দেখা যায়, আজিজুল ইসলামের পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে বসে রয়েছেন। ঘরের আসবাবপত্র, চাল-ডাল, কাপড়-চোপড়, বাড়ির হাস-মুরগি কোনো কিছু রক্ষা করতে পারেননি তিনি। ক্ষতিগ্রস্তদের কান্নায় আকাশ ভারি হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, মধ্যরাতে আজিজুল ইসলামের একটি রান্নাঘর থেকে আগুন জ্বলে উঠে। আগুন আশেপাশের ঘর-বাড়িতে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আউলিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ বলেন, ২০টি পরিবারের প্রায় ৩৫টি বাড়িঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষাধিক টাকা ছাড়িয়ে গেছে। খোলা আকাশের নিচে পরিবারের সদস্যরা রয়েছে। দ্রুত সরকারিভাবে সহযোগিতার আহ্বান জানান তিনি।
সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম মোল্লা। তারা ক্ষতিগ্রস্তদের দ্রুত সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


























