মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ১৭ অক্টোবর, ২০১৭ ।

অবৈধভাবে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাট-বাজারে গরু, ছাগল ও মহিষ বেচাকেনার অভিযোগ উঠেছে। চুরি করা গরু ও বিক্রি হচ্ছে হাটগুলোতে। আর ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। তবে এই অপরাধ ‘জায়েজ’ করতে পুলিশ উপহার (ঘুষ) নিচ্ছে ছাগল।
সম্প্রতি ১১ অক্টোবর শনিবার খোচাবাড়ি হাটে গরু বিক্রির সময় সদর উপজেলার মোহাম্মদপুর ইউপির গিলাবাড়ি গ্রামের গরু ব্যবসায়ী বাবুল বলেন, পারমিট ছাড়া হাটে গবাদিপশু বেচাকেনা হচ্ছে। এই অবৈধ কাজের জন্য বিক্রেতাদের কাছে গরু প্রতি ৫০ টাকা ও ছাগল ২০ টাকা চাঁদা নিচ্ছে হাটের টোল আদায়কারীরা। টোল আদায়কারী নুরুল হক বলেন, ইজারাদারের নির্দেশে চাঁদা নেয়া হচ্ছে।
গড়েয়া হাটের ইজারাদার ওহিদুল ইসলাম শাহ বলেন, পারমিট ছাড়া গরু-মহিষ বেচাকেনা ঝুঁকিপূর্ণ। নানা খরচ ও ম্যানেজ করতে বিক্রেতার কাছে চাঁদা নেয়া হয়। পুলিশকে খুশি করতে ছাগল উপহার (ঘুষ) দিতে হয়। একই কথা বলেছেন খোচাবাড়িহাটের ইজারাদার গণেশ ঘোষ। গরু বিক্রেতা আবদুল লতিফ বলেন, পারমিট ছাড়া গরু-মহিষ বিক্রি এখন নিয়মে পরিণত হয়েছে। এজন্য চাঁদা নিচ্ছে ইজারাদাররা।
সদর উপজেলার রাজাগাঁও ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোশারুল ইসলাম বলেন, স্থানীয় সরকারের প্রতিনিধির পারমিট (বিক্রয় শনাক্তকরণপত্র) ছাড়া পশু বিক্রি আইনত: দন্ডণীয়। এই নিয়মের ব্যত্যয় ঘটায় চোরচক্র সহজে পার পেয়ে যাচ্ছে। এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, তিনি দ্রুত ব্যবস্থা নেবেন।


























