মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম , ২ আগষ্ট, ২০১৭ ।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ নেতা খলিলুর রহমানের হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের আমতলী মোড়ের দক্ষিণ পার্শ্বে ওই এলাকার শামসুলের ডোবা হতে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র (চাপাতি) উদ্ধার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, মামলা তদন্তকালীন সময়ে এজাহারভুক্ত আসামী আব্বাস আলীকে গ্রেফতারের পর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আদালতে জিজ্ঞাসাবাদের সময় আসামী আব্বাস আলীর দেওয়ার জবান বন্দির ভিত্তিতে আমরা বালিয়াডাঙ্গী থানার সকল ফোর্সসহ বুধবার সকালে বিশ্রামপুরে আমতলী মোড়ের পার্শ্ব হতে শামসুলের ডোবা হতে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র (চাপাতি) উদ্ধার করেছি।
এছাড়াও এজাহারে উল্লেখিত বাকি আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে খলিলুর হত্যাকান্ডের অস্ত্র উদ্ধারের পর হতে এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে। উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধে স্বেচ্ছাসেবকলীগ নেতা খলিলুর রহমানকে গত সোমবার (২৪ জুলাই) গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে মোবাইল ফোনে ডেকে কুপিয়ে হত্যা ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওইদিন দুপুরে আকবর, আবু হোসেন ও আব্দুস সোবহান আটক করে থানায় নিয়ে আসে।


























