মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ১১ নভেম্বর, ২০১৭ ।

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১১ নভেম্বর শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সমবায় মার্কেট চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে সমবায় মার্কেট চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর। এর আগে শনিবার রাত ১২টার ১মিনিটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে যুবলীগের ৪৫তম জন্মদিন পালন করা হয়।
এরপর দলীয় কার্যালয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহরের আর্টগ্যালারী এলাকায় অবস্থিত যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনি চত্বরে পূষ্পমাল্য অর্পন করেন যুবলীগের নেতাকর্মীরা।
এদিকে, জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১১ নভেম্বর শনিবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।

র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
দলীয় কার্যালয়ের আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, যুগ্ন সাধারণ সম্পাদক জুলফিকার আলী, যুবলীগের সভাপতি মোঃ মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আলী আসলাম জুয়েল, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী, এড.আবু হাসনাত বাবু প্রমুখ বক্তব্য রাখেন।


























