ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৩ আগষ্ট, ২০১৭ ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় অপহরণ ও হত্যাচেষ্টা মামলার প্রতিবেদনের তারিখ পেছানো হয়েছে। আগামী ৩রা অক্টোবর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
আজ বুধবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, জাসাসের সহ-সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ উল্লাহ মামুন এবং দেশে ও দেশের বাইরে অবস্থানরত বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করছে। প্রাপ্ত তথ্যসমূহ পর্যালোচনা করে সন্দেহ করা হচ্ছে যে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশে বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্ব উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জীবননাশসহ যেকোনো ধরনের ক্ষতির ষড়যন্ত্রে লিপ্ত আছেন। এই ষড়যন্ত্র বাস্তবায়নে বিএনপির হাই কমান্ড দেশ ও দেশের বাইরে থেকে অর্থায়ন করছে।
২০১৫ সালের ৩রা আগস্ট পল্টন মডেল থানায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি নেতৃত্বাধীন জোটের উচ্চ পর্যায়ের নেতাদের আসামি করা হয়।


























