spot_img

জিম্মি নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশী জাহাজের নাবিকদের সুস্থ ও নিরাপদে ফেরত আনার বিষয়ে সরকার বদ্ধপরিকর।
প্রতিমন্ত্রী আজ বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল ফিতরে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কর্মপন্থা গ্রহণের বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নাবিকরা সুস্থ এবং ভালো আছেন। যে কোনো মূল্যে নাবিকদের দেশে ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, বাংলাদেশের শিপিং ব্যবস্থা বিশ্বের সঙ্গে জড়িয়ে আছে। মঙ্গলবার আমরা বিষয়টি অবগত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আন্তর্জাতিক সবগুলো উইংস নৌপরিবহনের সঙ্গে কাজ করে তাদের সবার সঙ্গে যোগাযোগ করেছি। নৌবাহিনীর আন্তর্জাতিক যোগাযোগ বেশি, তাদের সাথেও যোগাযোগ হয়েছে।
অপহৃত ক্রুদের পরিবারগুলোর উদ্বেগ্নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমরা সামাজিক জীব, পরিবার নিয়ে বসবাস করি। যে পরিবারগুলোর সদস্যরা সেখানে আটকে আছে, সেই পরিবারগুলোর কীভাবে দিন যাচ্ছে সেটা আমরা ফিল করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। অন্যান্য জায়গাগুলোতে তিনি কথা বলেছেন। নাবিকদের নিরাপদে বাংলাদেশে ফেরত আনার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’’
উল্লেখ্য, ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ। জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় জাহাজটিতে ২৩ জন ক্রু ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ