রবিউল হাসান লায়ন , জামালপুর ,
জনতারআদালত.কম । ১৬ আগষ্ট, ২০১৭ ।

জামালপুর জেলায় ভয়াবহ বন্যার কারণে স্টেশনের ইয়ার্ডে ও রেলপথে পানি উঠায় জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেলপথ এবং জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে আন্ত:নগরসহ সকল প্রকার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু ৬৪ কিলোমিটার দীর্ঘ রেলপথের বিভিন্ন স্থানে পানি উঠায় আজ বুধবার সকাল সাড়ে আটটা থেকে এই রেলপথে আন্ত:নগরসহ সকলপ্রকার ট্রেন চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে গত সোমবার রাত নয়টা থেকে জামালপুর-দেওয়ানগঞ্জ ৩৬ কিলোমিটার দীর্ঘ রেলপথে আন্ত:নগরসহ সকল প্রকার ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে আজ বুধবার সকাল সাড়ে আটটা থেকে জামালপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে।
এই রেলপথের মেলান্দহ থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বন্যায় দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের ইয়ার্ডে ও রেলপথে এবং ইসলামপুর রেলওয়ে স্টেশনের আশপাশে পানি উঠে রেলপথ ডুবে গেছে। মেলান্দহের দুরমুঠে রেলপথে পানি গড়াচ্ছে। অপরদিকে জামালপুর সদরের কেন্দুয়ায় রেলপথের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ কারণে রেলপথে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মীর্জা মো. শামছুল আলম আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বাংলারচিঠি ডটকমকে বলেছেন, বিভিন্ন স্থানে রেলপথে এবং স্টেশনের ইয়ার্ডে পানি উঠার কারণে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। তাই জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেলপথ এবং জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে সকল প্রকার ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে আজ বুধবার থেকে জামালপুর থেকে মেলান্দহ পর্যন্ত ট্রেন চলবে। রেলওয়ের প্রকৌশলীরা রেলপথগুলোয় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন বলেও তিনি জানান।


























