রবিউল হাসান লায়ন, জামালপুর ,
জনতারআদালত.কম , ১ আগষ্ট, ২০১৭ ।

জামালপুরের বকশীগঞ্জে খালের পানিতে মাছ ধরাকে কেন্দ্র করে শাকিল মিয়া (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্র খুন হয়েছে। মঙ্গলবার (১আগস্ট) বিকালে পৌর শহরের মালিরচর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় সোলায়মান নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, বকশীগঞ্জ পৌর শহরের মালিরচর নয়াপাড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী শাকিল মিয়া খালে মাছ ধরতে যায়। একই সময় ওই এলাকার সিদ্দিক আলী ওরফে দুলাল মিয়ার ছেলে ও শহীদ তিতুমীর স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী সোলায়মান হোসেন ওরফে লাদেন (১৫) ওই খালে মাছ ধরতে যায়।
মাছ ধরার এক পর্যায়ে দুই জনের মধ্যে ঝগড়া বাধেঁ। ঝগড়ার এক পর্যায়ে সোলায়মান হোসেন শাকিল মিয়ার উপর হামলা চালায় ও মাথায় উপর্যপুরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোলায়মান হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


























