রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ২৮ অক্টোবর, ২০১৭ ।

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার সারাদেশ ব্যাপী পালিত হয়ে আসছে পুলিশ কমিউনিটি ডে।
এরই ধারাবাহিকতায় জামালপুর জেলা পুলিশের আয়োজনে ২৮ অক্টোবর সকালে শহরের বকুলতলা থেকে সরকারি আশেক মাহমুদ কলেজ পর্যন্ত বর্ণাঢ্য একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীর নেতৃত্ব দেন সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি। র্যালীতে অংশগ্রহণ করে জেলা পুলিশের সকল সদস্য, কমিউনিটি পুলিশিং সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সুধীজন।

র্যালী শেষে আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জামালপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ দেলোয়ার হোসেন, পিপিএম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আহমেদ কবির, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকি, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির, জেলা আওয়ামীলীগের সদস্য রেজাউল করিম রেজনু (সিআইপি)।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত ও কমিউনিটি পুলিশিং নিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার ইউনুস আলী মিয়ার লেখা একটি গান পরিবেশন করা হয়।
ভিডিও ধারণঃ কাওসার আহমেদ
অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ দেলোয়ার হোসেন, পিপিএম বলেন, পুলিশ জনগণের বন্ধু, “পুলিশই জনতা, জনতাই পুলিশ”। কমিউনিটি পুলিশের মাধ্যমে সমাজের ছোট খাটো অপরাধ প্রতিহত করার চেষ্টা করতে হবে। বিশেষ করে মাদক, জুয়া, বাল্যবিয়ে প্রভৃতি। শুধুমাত্র পুলিশের একার পক্ষে মাদক, জুয়া, বাল্যবিয়ে প্রতিহত করা সম্ভব নয়। এর জন্য পুলিশের পাশাপাশি কমিউনিটিং পুলিশের সদস্যদেরকে একসাথে কাজ করতে হবে। একটি পরিবারে কেউ মাদকাসক্ত হলে সেই পরিবারে সকলেই অশান্তি ভোগ করে। তাই প্রতিটি পরিবারকে মাদকমুক্ত করা জন্য প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিতে হবে।

আলোচনা অনুষ্ঠান শেষে পুলিশের আইজিপির পক্ষে জেলার শ্রেষ্ঠ কমিউনিটিং পুলিশের কার্যক্রমের জন্য আ,ব,ম জাফর ইকবাল জাফুকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন জেলা কমিউনিটিং পুলিশের সাধারণ সম্পাদক জিএসএম মিজানুর রহমান।


























