spot_img

জামালপুরের ইসলামপুরে ভিজিডির ২৬৫ বস্তা চাল কালোবাজারে

রবিউল হাসান লায়ন  , জামালপুর , জনতারআদালত.কম । ৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুরের ইসলামপুরের সাপধরী ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডির ২৬৫ বস্তা চাল গতকাল বুধবার গভীর রাতে স্থানীয় কালোবাজারিরা অন্যত্র পাচারকালে ১০০ বস্তা লুট হয়। বাকি ১৬৫ বস্তা চাল জব্দ করেছেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম এহছানুল মামুন। এ সময় মো. তোতা নামের একজনকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুরের সাপধরী ইউনিয়ন পরিষদ থেকে গতকাল বুধবার বিকেলে ২৬৫ বস্তা চাল স্থানীয় কালোবাজারিরা ক্রয় করে। পরে ওই চাল বুধবার রাতেই সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া থেকে নৌকাযোগে ইসলামপুরের আমতলি বাজার ঘাটে আনে তারা। সেখান থেকে গভীর রাতে ওইসব চাল ভটভটিযোগে ইসলামপুর উপজেলা শহরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ সময় স্থানীয়রা ১০০ বস্তা চাল লুট করে।

খবর পেয়ে ইসলামপুর থানার একদল পুলিশসহ ইসলামপুরের ইউএনও আমতলি বাজার এলাকায় অভিযান চালান। একপর্যায়ে আমতলি বাজার নৌঘাট থেকে ভিজিডির ১৬৫ বস্তা চাল জব্দ করে পুলিশ। এ সময় সাপধরী ইউনিয়নের মো. তোতা নামের এক কালোবাজারিকে আটক করা হয়। জব্দকৃত ভিজিডির চাল সাপধরী ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছে থেকে ক্রয় করেছেন বলে জানান গ্রেপ্তার তোতা।

এ ব্যাপারে সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, সাপধরী ইউনিয়নের দুঃস্থমাতাদের জন্য বরাদ্দ ভিজিডির চাল কালোবাজারিদের কাছে বিক্রি করা হয়নি এবং দুঃস্থমাতাদের মাঝেই সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।

ইসলামপুরের ইউএনও এ বি এম এহছানুল মামুন জানান, সাপধরী ইউনিয়নের দুঃস্থমাতাদের জন্য বরাদ্দ ভিজিডির চাল কালোবাজারে বিক্রির পর গভীর রাতে তা আমতলি বাজার এলাকায় পাচারকালে স্থানীয়রা লুট করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১৬৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ সময় মো. তোতা নামের এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসলামপুরের ওসি দীন ই আলম জানান, এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত ১৬৫ বস্তা চাল থানা হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ