spot_img

জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের অনবদ্য অবদান রয়েছে – আইজিপি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৭ আগষ্ট, ২০১৭ ।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম বলেছেন, জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের অনবদ্য অবদান রয়েছে। হলি আর্টিজান হামলার পর পুলিশ ২৩টি জঙ্গি অপারেশন অত্যন্ত সফলতার সাথে পরিচালনা করেছে, যা দেশে-বিদেশে অত্যন্ত প্রশংসিত হয়েছে। বিশ্বে বাংলাদেশ এখন জঙ্গি দমনে ‘রোল মডেল’ হিসেবে স্বীকৃত।

আইজিপি আজ রবিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সাম্প্রতিক সময়ে কুষ্টিয়ায় ‘অপারেশন টেপিড পাঞ্চ’ এবং সর্বশেষ রাজধানীর পান্থপথে ‘অপারেশন আগস্ট বাইট’ অভিযান পরিচালনায় নিয়োজিত সিটিটিসি এবং ডিএমপির সদস্যদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

আইজিপি বলেন, সিটিটিসি প্রতিষ্ঠার পর থেকে এর অগ্রযাত্রা দিন দিন বাড়ছে। সমন্বিত প্রচেষ্টা এবং পেশাদারিত্বের ফলে এ অর্জন সম্ভব হয়েছে। এ অর্জন ধরে রাখতে হবে। তিনি বলেন, আমরা ‘ইন্টেলিজেন্স লেড’ পুলিশিংয়ের ওপর গুরুত্ব দিয়েছি। সঠিক সময়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের কারণেই আমরা জঙ্গি অপারেশন সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। তিনি সকল জঙ্গি অভিযান পরিচালনার সাথে জড়িত পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ ধরণের সাফল্য অব্যাহত রাখার আহ্বান জানান।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ইন্টেলিজেন্স এন্ড স্পেশাল এ্যাফেয়ার্স) মোঃ মনিরুজ্জামান বিপিএম, পিপিএম-বার সাম্প্রতিক সময়ে পরিচালিত বিভিন্ন জঙ্গি বিরোধী অভিযানের সংক্ষিপ্ত উপস্থাপনা সভায় তুলে ধরেন।

সভায় ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম-কমিশনার মোঃ আমিনুল ইসলাম এবং সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারগণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যানিং) মোঃ মহসিন হোসেন, ডিআইজি (লজিস্টিকস্) মিলি বিশ্বাস, ডিআইজি (এইচআর) রৌশন আরা বেগম, ডিএমপির অতিরিক্ত কমিশনার মোঃ মিজানুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিটিটিসি এবং ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে আইজিপি সফলভাবে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনাকালে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ আবদানের জন্য ডিএমপি কমিশনার এবং সিটিটিসি প্রধানের হাতে প্রণোদনার অর্থ তুলে দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ