spot_img

চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে ৩ হাজার জনশক্তি নেবে সৌদির ইস্টার্ন কোম্পানি

ডেস্ক রিপোর্ট ,  জনতারআদালত.কম , ২৭ জুলাই, ২০১৭ ।

 

চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজার জনশক্তি নেবে সৌদি আরবের ইস্টার্ন রিক্রুটমেন্ট কোম্পানি।
ইস্টার্ন রিক্রুটমেন্ট কোম্পানির সিইও ফাহাদ আল সুলাইম সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ’র সাথে জনশক্তি রফতানির বিষয়ে আজ এক বৈঠকে এ কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশী শ্রমিকদের প্রশংসা করেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এ দিকে রাষ্ট্রদূত আজ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের স্থানীয় এক হোটেলে ওই দেশের বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি বাংলাদেশী জনশক্তির সততা, কর্মনিষ্ঠা ও দক্ষতার কথা তুলে ধরেন।
এ সময় তিনি বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি নিয়োগ দেয়ার জন্য কোম্পানিগুলোর প্রতি আহবান জানান।
তিনি বলেন, সৌদি আরব আসার আগে শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া হলে অনেক ধরনের সমস্যা এড়ানো সম্ভব হবে।
জনশক্তি নিয়োগের সময় তাদের প্রশিক্ষণের গুরুত্ব দিয়ে রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের কর্ম পরিবেশ, সংশ্লিষ্ট বিষয়ে কাজের ধারনা, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা হলে শ্রমিকদের সক্ষমতা বৃদ্ধি পাবে।
প্রশিক্ষণের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে সব ধরনের সুবিধা প্রদান করা হবে বলে তিনি প্রতিনিধিদের আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় নেসমা, আল ইয়ামামা, নাসের আল-হাজারি, তামিমিসহ অন্যান্য কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় রাষ্ট্রদূত সাধারণ জনশক্তির পাশাপাশি চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি বাংলাদেশ থেকে আমদানির আহবান জানান।
দুতাবাসের কাউন্সেলর (শ্রম) মো. সারওয়ার আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ