ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
বিএনপির নেতাকর্মীদের সঙ্গে চন্দ্রিমা উদ্যানে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে গেলে এই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
নিজেকে পুলিশের গুলিতে আহত দাবি করে সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন, আমোদের কোনো নেতাকর্মীকে জিয়ার কবরের আশপাশে অবস্থান করতে দিচ্ছিল না পুলিশ। আমরা অনুমতি নিয়েই এখানে এসেছি। পুলিশের গুলিতে আমি আহত হয়েছি।
এবিষয়ে পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা।
বিএনপি নেতা আমানউল্লাহ আমান ঘটনাস্থল থেকে সংবাদমাধ্যমকে বলেন, আমরা যথাযথ অনুমতি নিয়ে এখানে এসেছি।
এসময় তাকে নেতাকর্মীদের পুলিশের উপর আক্রমণাত্মক আচরণ না করতে অনুরোধ করতে দেখা যায়। কিন্তু তার কথা সবাই শোনেননি।
জানা গেছে, বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির নেতারা জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে এলে হট্টগোলের ঘটনা ঘটে।


























