চট্টগ্রাম ব্যুরো , জনতারআদালত.কম । ২০ অক্টোবর, ২০১৭ ।

চট্টগ্রামের মহানগরীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৮ মামলার আসামি ও মাদকসম্রাট মোহাম্মদ ফারুক হোসের (৪২) নিহত হয়েছে।
র্যাবের দাবি, নিহত ফারুক মাদকসম্রাট বস ফারুক নামে পরিচিত। বাইট্যা ফারুক নামেও তিনি পরিচিত।তার নামে নগরীর বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ ১৮টি মামলা রয়েছে।ফারুকের কাছ থেকে দুই লাখ ইয়াবা, বিপুল ফেনসিডিল, বিদেশি দুটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে বলেও জানায় র্যাব।
বৃহস্পতিবার গভীর রাতে নগরীর সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এএসপি মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কলোনি এলাকায় মাদক বিক্রেতারা অবস্থান করছে এমন খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করে। পরে আত্মরাক্ষায় র্যাবের সদস্যরাও পাল্টা গুলি চালায়।
কিছুক্ষণ পর ওই মাদক ব্যবসায়ীর মরদেহ পাওয়া যায় ঘটনাস্থলে। তিনি বলেন, ওই মাদক ব্যবসায়ীর মানিব্যাগে থাকা পরিচয়পত্র থেকে তার নাম ও ঠিকানা পাওয়া যায়। সেখানে তার ঠিকানায় লেখা ছিল পটিয়া।


























