ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
চট্টগ্রামে বজ্রপাতে ফটিকছড়িতে দুই নারী, বোয়ালখালীতে এক দিনমজুর, ও মিরসরাই উপজেলায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। বজ্রপাতে আহত হয়েছে আরো তিনজন। হাটহাজারী উপজেলায় ট্রাকচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার চট্টগ্রামের চার উপজেলায় পৃথক বজ্রপাত ও সড়ক দূর্ঘটনায় হতাহতের এঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর পৃথক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর মানিকপুর ওয়ার্ড ইউপি সদস্য আফসার উদ্দিন জানান, ছমুরহাট বাজার এলাকায় জমিতে কাজ করার সময় রোববার সকাল আটটার দিকে বজ্রপাতে যোগেন্দ্র শীলের স্ত্রী ভানুমতি শীল (৪০) ও বাণেশ্বর দাশের স্ত্রী লাকি রানি দাশ (৩৮) এর মৃত্যু ঘটে। এসময় আহত হয়েছেন মালতী দাশ (৫০) ও শোভা রানি দে (৪৫)। এসময় তারা ছমুরহাট বাজার এলাকায় জমিতে কাজ করছিল। তাদের উদ্ধার করে ফটিকছড়ির একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে রোববার সকাল ১০টার দিকে মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নের ৯ নম্বর পূর্ব ডোমখালী ওয়ার্ড এলাকায় বাবার সঙ্গে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় শিক্ষার্থী সাজ্জাদ হোসেন (১৬) এর। এসময় আহত হয় তার বাবা। সাজ্জাদ স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলম বলেন, বাবার সঙ্গে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ছেলের মৃত্যু হয়, গুরুতর আহত হয় বাবা। বাবাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড়ের লেবু বাগানে কাজ করার সময় মো.জাহাঙ্গীর (৩৯) নামের এক দিনমজুরের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের মোস্তফা কামালের ছেলে।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক, তার বৃদ্ধ মা, স্ত্রী ও দুই মেয়ে রয়েছে, পরিবারে সে একমাত্র উপার্জনক্ষম ছিল।
অপরদিকে রোববার সকাল ১০টার দিকে হাটহাজারী উপজেলার নন্দীরহাটের ধোপারদিঘি এলাকায় ট্রাকের চাপায় শুভ দাশ (১৮) নামের একজন পথচারী নিহত হয়েছেন। তবে ঘটনার পরেই চালক ও হেলপার ট্রাক ফেলেই পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল আজম।
ওসি কমরুল আজম জানান, শুভ দাশ ছিলেন পথচারী। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঘাতক ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়। তবে ট্রাকটি আটক রয়েছে।


























