নারায়ণগঞ্জ প্রতিনিধি, জনতারআদালত.কম । ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

নারায়ণগঞ্জে বন্দরের এক শিক্ষিকাকে এমপিওভুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম (তৃতীয়) আক্তারুজ্জামান ভূঁইয়া শ্যামল কান্তির উপস্থিতিতে শুনানি শেষে অভিযোগ গঠন করেন। আগামী ১২ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অভিনেতা হাসান ফেরদৌস জুয়েল এর সত্যতা নিশ্চিত করে জানান, অসৎভাবে প্ররোচনা দেয়া, বিশ্বাস ভঙ্গ করা, প্রতারণা করা এবং ঘুষ নেয়ার অপরাধে শ্যামল কান্তি ভক্তকে অপরাধী দাবি করে অভিযোগ গঠন করা হয়েছে।
আসামি শ্যামল কান্তি ভক্তের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমরা সুবিচারের আশায় মামলাটি থেকে শ্যামল কান্তিকে অব্যাহতির আবেদন করেছি। আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে সাক্ষী ডেকেছেন। আশা করছি, শ্যামল কান্তি স্যার সুষ্ঠু বিচার পাবেন।’
তিনি আরও বলেন, ‘শ্যামল কান্তি ভক্ত একজন শিক্ষক মানুষ, নিরপরাধ। পূর্বপরিকল্পিতভাবে স্কুল থেকে তাড়ানোর জন্যই এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’
গত ৩১ মে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত ২০ জুলাই পর্যন্ত শ্যামল কান্তি ভক্তের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলে তিনি কারাগার থেকে মুক্ত হন। ১৩ জুলাই শ্যামল কান্তি ভক্তের ঘুষ গ্রহণের মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের (গ) বিচারক আফতাব উদ্দিন জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়।


























