spot_img

ঘরের মাঠে বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত করলো পিসিবি

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ঐ সিরিজের জন্য চূড়ান্ত সূচি ঘোষনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
একই সাথে ঘরের মাঠে ২০২৪-২৫ মৌসুমে নিজেদের আন্তর্জাতিক সিরিজের সূচিও ঘোষণা করেছে পিসিবি। এ মৌসুমে বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ৩০ আগস্ট থেকে করাচির মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অংশ।
টেস্ট সিরিজের সূচি ঘোষনা করায় পিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরি। তিনি বলেন, ‘আইসিসি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর সূচি নিশ্চিত করায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানাই। এই সিরিজে আমাদের পরীক্ষা হবে। এ সংস্করণে আমাদের উন্নতি দেখানোরও সুযোগ এটি।’
২০২০ সালে সর্বশেষ পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। ঐ বছর করোনাভাইরাস মহামারির কারনে, মাত্র একটি টেস্ট খেলেছিলো দু’দল। সর্বশেষ ২০২৩ সালে পাকিস্তান সফর করেছে টাইগাররা। লাহোরে এশিয়া কাপের সপ্তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ।
এখন পর্যন্ত ১৩টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে ১২টিতে জিতেছে পাকিস্তান। ১টি ম্যাচ ড্র হয়। ২০১৫ সালে খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে ড্র করেছিলো বাংলাদেশ। এছাড়া পাকিস্তানের মাটিতে ৫টি টেস্ট খেলে সবগুলোতেই হেরেছে টাইগাররা।
বাংলাদেশের সিরিজ শেষে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। মুলতানে ৭ অক্টোবর থেকে ইংলিশদের সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে স্বাগতিকরা। করাচিতে ১৫ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ২৪ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।
আগামী বছরের ১৬ জানুয়ারি করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। মুলতানে ২৪ জানুয়ারি থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে দু’দল।
বাংলাদেশ-ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে পাকিস্তান। মূলত ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি থেকে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামবে পাকিস্তান।
১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পরিকল্পনা আছে স্বাগতিক পাকিস্তানের।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ