আজিজ খান, সিলেট , জনতারআদালত.কম । ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ।

গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে এক সভা রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং সভাপতি হাজী আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে, আবুল কাশেম সেবুল ও সুলতান মাহমুদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্ণিং বডির সভাপতি লুৎফুর রহমান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, বিশিষ্ট শিল্পপতি তমজুল আলী তোতা মিয়া, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল জলিল সেলিম, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী ইসমাঈল আলী মেম্বার, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্ণিং বডির সদস্য শামসুল ইসলাম, বিশিষ্ট ব্যক্তিত্ব জিয়া উদ্দিন, ফারুক আহমদ মেম্বার, ডাঃ আলাউদ্দিন, জুবের আহমদ, জেলা ছাত্রদল নেতা সালাহউদ্দিন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী। প্রতিবাদ সভায় বক্তারা বলেন অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়, কৈলাশ টিলা গ্যাস ফিল্ড সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে।
এ থেকে প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হলে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করতে হবে। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করে বলা হয় এলাকার মানুষের দাবী অনুযায়ী প্রশাসন সহযোগিতা না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচী দেয়া হবে।


























