ডেস্ক রিপোর্ট, জনতার আদালত.কম , ৮ জুলাই, ২০১৭ ।

খুলনায় হারুনুর রশীদ সুমন (৩৫) নামে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার ভোরে নগরীর আমতলা এলাকার নর্থখাল ব্যাংক রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন যুবলীগকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সন্ধ্যাবাজার থেকে সুমনকে যুবলীগ নেতা শেখ সেলিম ধরে নিয়ে যান। তারা নর্থখাল ব্যাংক রোডের একটি ক্লাবে তাকে আটকে রেখে মারধর করেন এবং কুপিয়ে জখম করেন। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে সুমনের পরিবারের সদস্যদের ডেকে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে সেলিম।
পরে ভোররাতে সুমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক জানান, শনিবার সকালে অভিযান চালিয়ে যুবলীগকর্মী শেখ সেলিম, জাহিদ হাসান রাসেল ও রাজু হাওলাদারকে আটক করা হয়েছে। তবে হত্যার কারণ কী সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।


























