spot_img

খালেদা জিয়ার আদালত পরিবর্তন আবেদন আপিলেও খারিজ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৬ নভেম্বর, ২০১৭ ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার জাকির হোসেন ভূঁইয়া। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, যে আদালতে মামলার বিচার চলছে, আপিল বিভাগের আদেশের ফলে সেখানেই তা চলবে।

জিয়া এতিমখানা মামলার আদালত পরিবর্তন চেয়ে গত ৬ আগস্ট হাইকোর্টে আাবেদনটি করেন খালেদার আইনজীবী জাকির হোসেন ভূইয়া।

সেদিন খালেদা জিয়ার আইনজীবী দলের সদস্য মাহবুবউদ্দিন খোকন বলেছিলেন, “ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে আদালত পরিবর্তনের আবেদন করা হয়েছে।”

সে আবেদনে সাড়া না দিয়ে গত ২০ আগস্ট বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাই কোর্ট বেঞ্চ নিষ্পত্তি করে আদেশ দেয়।

আর্থাৎ মামলাটি যে আদালতে বিচারাধীন সে আদালতে রেখেই কিছু পর্যবেক্ষণসহ আবেদনটি নিষ্পত্তি করে দেওয়া হয়।

এর আগে খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করে গত ১৪ মে তৃতীয়বারের মতো আদালত পরিবর্তন করে ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে চালানোর আদেশ দিয়েছিলেন একই হাইকোর্ট বেঞ্চ। সে সময় মামলাটির বিচারিক কার্যক্রম চলছিল মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালতে।

২০০৮ সালের ০৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ