ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৭ আগষ্ট, ২০১৭ ।

পানিতে ডুবে মারা গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা সাবেক জাতীয় ফুটবলার শামসুল ইসলাম মোল্লা।
রোববার দুপুরে রাজশাহী নগরীর সাগরপাড়ার একটি পুকুরে গোসল করার সময় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
ক্রিকেটার পাইলটের বাবা শামসুল ইসলাম ষাট ও সত্তরের দশকে ঢাকা লিগে মোহামেডান ও আবাহনীর হয়ে ফুটবল খেলেছেন। এ সময় তার ব্যাপক পরিচিতি ছিল। তিনি এ সময় পূর্ব পাকিস্তান জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের পিতা এবং কৃতি এই ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। পৃথক পৃথক শোকবার্তায় এসব সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।


























