ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১৭ অক্টোবর, ২০১৭ ।

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের একটি আবাসিক ভবনের এসির কমপ্রেসার বিস্ফোরণে শ্বাসরুদ্ধ হয়ে বাংলাদেশি একটি পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় কুয়েত শহরের সালমিয়াত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, মৌলভীবাজারের কমলগঞ্জের জুনেদ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম, দুই ছেলে ফাহাদ ও ইমাদ এবং দুই মেয়ে জামিলা ও নামিলা। তবে বাসার বাইরে থাকায় প্রাণে রক্ষা বেঁচে গেছেন জুনেদ মিয়া। তাদের বাড়ি কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত ও কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ও শোকাহত জুনাইদ আহমেদকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। নিহত মা রোকেয়া বেগম ও চার সন্তানের মৃতদেহ কুয়েতের মোবারক আল কবির হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কমলগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের কুয়েত প্রবাসী মোহাম্মদ জুনাইদের প্রতিবেশী মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন জানিয়েছেন, বাড়িতে জুনাইদের বৃদ্ধ মা ছাড়া আর কেউ নেই। তার দুই ভাইয়ের মধ্যে এক ভাই জুবের সপরিবারে আমেরিকা ও অপর ভাই সোয়েব সপরিবারে লন্ডন বসবাস করেন।
এ দুর্ঘটনার খবর সোমবার রাতে শুনে কমলগঞ্জে শোকের ছায়া নেমে আসে।
কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান এ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এখন তার মা ছাড়াও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।
কুয়েতের সালমিয়ায় অগ্নিদগ্ধে মৃত্যুবরণকারীদের দেখতে মোবারক আল কবির হাসপাতালে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম দূতাবাস কর্মকর্তারা নিয়ে যান বলে কুয়েত থেকে সংবাদকর্মী আব্দুল আহাদ জানান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক আজ মঙ্গলবার সকালে কান্দিগাঁও গ্রামে জুনেদ মিয়া বাড়িতে গিয়ে তার বৃদ্ধা মাকে সান্ত্বনা দেন।


























