spot_img

কুমিল্লাকে থামালো রাজশাহী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৫ নভেম্বর, ২০১৭ ।

ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামির ১৪ বলে অপরাজিত ৪৭ রান ও পাকিস্তানের পেসার মোহাম্মদ সামির ৪ উইকেট শিকারের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের তৃতীয় ও টুর্নামেন্টের ২৭তম ম্যাচে রাজশাহী কিংসের কাছে ৩০ রানে হেরে গেলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ হারের পর টানা পাঁচ জয় তুলে নিয়েছিলো কুমিল্লা। অবশেষে নিজেদের সপ্তম ম্যাচে এসে হারের লজ্জা পেল তারা। এই হারে ৭ খেলায় ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই থাকলো কুমিল্লা। আর ৮ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে উঠে এলো রাজশাহী।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে ৪৩ রানের জুটি পায় রাজশাহী। ওপেনার ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ ১৯ করে ফিরলে মোমিনুল হকের সাথে উদ্বোধনী জুটি ভাঙ্গে রাজশাহীর। দলীয় ৪৭ রানে ১৬ বলে ২৩ রান করে ফিরেন মোমিনুলও।

এরপর ইংল্যান্ডের লুক রাইট, জাকির হাসান ও নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিনের ব্যাটে ঘুড়তে থাকে রাজশাহীর রানের চাকা। তবে সেটি ধীরগতির ছিলো। তাই ১৭ ওভার শেষে রাজশাহীর রান ছিলো ৫ উইকেটে ১২৯ রান।

এখান থেকে দলকে ১৮৫ রানে নিয়ে যান অধিনায়ক স্যামি। কুমিল্লার মিডিয়াম পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের করা ইনিংসের শেষ ওভার থেকে ৩২ রান নেন স্যামি। ঐ ওভারে ৪টি ছক্কা ও ১টি চার মারেন তিনি। বিপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ওভার এটি।

শেষ পর্যন্ত ১টি চার ও ৬টি ছক্কায় ১৪ বলে অপরাজিত ৪৭ রান করেন স্যামি। এছাড়াও রাজশাহীর পক্ষে রাইট ৪২, জাকির ২০ ও ফ্রাঙ্কলিন ১৪ রান করেন। কুমিল্লার সাইফউদ্দিন ৪ ওভারে ৫০ রানে ৩ উইকেট নেন। প্রথম ৩ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

জয়ের জন্য ১৮৬ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। ৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে তারা। পরবর্তীতে পাকিস্তানের শোয়েব মালিককে নিয়ে লড়াইয়ে ফিরেছিলেন লোকাল বয় কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল। তৃতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়েন তারা।

ব্যক্তিগত ৪৫ রানে মালিক ফিরে গেলেও, এবারের আসরে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন তামিম। তবে ১৫তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১২৫ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তামিম ফিরে যাবার পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে কুমিল্লার ইনিংস। ফলে ১৫৫ রানে অলআউট হয় তারা।

৪টি চার ও ৩টি ছক্কায় ৪৫ বলে সর্বোচ্চ ৬৩ রান করেন তামিম। এছাড়া হাসান আলী ১৬ ও ইংল্যান্ডের জশ বাটলার ১৫ রান করেন। রাজশাহীর সামি ৯ রানে ৪ উইকেট নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ