spot_img

কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে করোনাসংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি। এ বিষয়ে সরকারের নীতিনির্ধারক মহলেও আলোচনা চলছে বলে জানা গেছে।

জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য ডা. কাজী তারিকুল ইসলাম বলেন, করোনার যে ডেল্টা ভ্যারিয়েন্ট তা অত্যন্ত ভয়ানক। এই ভ্যারিয়েন্ট শহর-গ্রাম সবখানে ছড়ায়। এই ভয়াবহতা থেকে মানুষকে বাঁচাতে লকডাউন আরও সাতদিন বাড়াতে হবে। 
সরকারের শীর্ষ পর্যায় থেকে জানা যায়, সংক্রমণ রোধে ১৪ দিন এবং মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার জন্য ২১ দিন লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের। সে অনুযায়ী ঈদ সামনে রেখে বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। তবে ঈদের আগে পরিস্থিতি দেখে লকডাউন কিছুটা শিথিলও হতে পারে।

এ বিষয়ে বুধবারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সরকারের শীর্ষ পর্যায় থেকে জানা যায়।

কঠোরভাবে চলমান লকডাউন বাস্তবায়ন করতে অফিস-আদালত ও গণপরিবহন বন্ধ রেখে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব কাজ করছে। একই সঙ্গে মোবাইল কোর্টও পরিচালনা করছে সরকার। তবে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে।

সবশেষ রোববার (৪ জুলাই) ১৫৩ জনের মৃত্যু হয়েছে, যা দেশে রেকর্ড। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৮ হাজার ৬৬১ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ