ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ নভেম্বর, ২০১৭ ।

দলীয় সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট।
গত রাতে খালেদা জিয়ার নেতৃত্বে জোটের শরিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির নেতা আন্দালিব রহমান পার্থ।
গতরাতের বৈঠকে ঠিক কী নিয়ে কথা হয়েছে ?
আন্দালিব রহমান জানান “এ সরকারের অধীনে নির্বাচনে আমরা যাব না, ম্যাডাম বলেছেন-সংসদ ভেঙে দিয়ে নির্বাচনে যেতে হবে।”
“আর রোহিঙ্গা ইস্যু জাতীয় ইস্যু। এ ব্যাপারে আমরাও সহযোগিতা করতে পারি। মানবতার যথেষ্ট ভূমিকা নেয়া উচিত”।
“বিশ দলীয় জোটের কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। আজকে দুইটা বড় দলের মধ্যে যে সম্পর্ক সেটা আশাও করা যায় না” বলেন আন্দালিব রহমান।
তাহলে গতবার নির্বাচনে অংশ না নেয়ার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এবারেও কি সেরকম আশঙ্কা করছে বিশ দলীয় জোট ?
আন্দালিব রহমান বলেন, এমনটা ভাবার সময় এখন আসেনি।
“আমার বিশ্বাস বিএনপির পক্ষ থেকে সহায়ক সরকারের প্রস্তাব আসবে। সারা বাংলাদেশে সভা-সমাবেশ হবে। এটার প্রয়োজনীয়তা বুঝাতে হবে যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় না। তারপরে হয়তো আলাপ হবে, এত তাড়াতাড়ি এ বিষয়ে মন্তব্য করা যায় না”।
“বিএনপি বড় দল। আওয়ামী লীগও বড় দল। আমাদের বিশ্বাস আমাদের এই দাবী যদি জনগণকে বুঝাতে পারি, এই দাবী যদি জনগণের দাবী হয়ে উঠে তাহলে আওয়ামী লীগও এ থেকে কিছু একটা বের করবে – সেটাইতো পলিটিক্স” বলেন মি: রহমান।
তাহলে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বিশদলীয় জোটের পূর্বশর্তগুলো ঠিক কী দাঁড়াচ্ছে ?
“আমরা নির্বাচনে যেতে চাই। তবে আমরা চাচ্ছি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনটা হবে এবং সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হবে”।


























