spot_img

এমবিবিএস ভর্তিতে ৫ নম্বর কাটায় বাধা নেই

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

২০১৭- ১৮ বর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের পাওয়া নম্বর থেকে ৫ নম্বর কর্তনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত।

বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন। সেই সঙ্গে আদালত বিষয়টি আপিল বিভাগের নিয়মিত শুনানির জন্য ৩ অক্টোবর নির্ধারণ করেছেন।

এর আগে বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে আবেদন করে।

গত মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ পাঁচ নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন। পাশাপাশি রুল জারি করেন আদালত।

স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পরিচালক (চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

আদালতে রিটের পক্ষে ইউনুছ আলী আকন্দ নিজে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন আহ্বান করে গত ২১ অগাস্ট পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে বলা হয়, এমবিবিএস বা বিডিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা হবে।

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) এ সিদ্ধান্তকে বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ একটি রিট আবেদনে করেন।

ওই আবেদনের শুনানি নিয়ে গত মঙ্গলবার নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের অবকাশকালীন বেঞ্চ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ