ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এবার চামড়ার সিন্ডিকেট প্রতিরোধে জোর দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকে বিষয়টি নজরদারিতে রাখবে।
ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কার্যক্রম বর্তমান অবস্থান আগারগাঁও থেকেই হবে, সচিবালয় (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) থেকে হবে মনিটরিং (তদারকি)। এনআইডি নিয়ে অনেকে অনেক বিতর্ক করছে। এটা তো এমন এক জিনিস, ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও এনআইডি লাগে, মোবাইলে (সিম কিনতে) এনআইডি লাগে, শনাক্ত করতে এনআইডি লাগে।
এনআইডির কার্যক্রম কবে নাগাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসছে- জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো অন্য প্রসঙ্গ। এনআইডি হস্তান্তরে সরকারিভাবে মাত্র সিদ্ধান্ত হয়েছে। এটায় (হস্তান্তরে) লম্বা সময় লাগবে। আমাদের মন্ত্রণালয় একটা ব্যবস্থার মাধ্যমে কাজ শুরু করবে।’
এনআইডি নিবন্ধন কার্যক্রমের দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে যাচ্ছে। এ বিষয়টি স্পষ্ট করে গত ২০ জুন নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় কোথায় গরুর হাট বসবে সেটা সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কতগুলো হাটের অনুমোদন তারা দিয়েছেন, সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। তবে অনেকগুলো হাট এবার তারা বন্ধ করে দিয়েছে। এক্ষেত্রে অনলাইন গরুর হাটকে আমরা উৎসাহিত করছি। রাস্তা খারাপের জন্য যানজট রয়েছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা সড়ক বিভাগকে অনুরোধ করেছি, তারা যতটুকু সম্ভব রাস্তা সংস্কারের কাজ যেন করে। বিশেষ করে গাজীপুরের রাস্তাটি এবং টাঙ্গাইলের একটি অংশে দ্রুত সংস্কার করার জন্য বলেছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশুর চামড়া কেনাবেচায় জড়িত সিন্ডিকেট প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঈদের আগেই চামড়ার দাম নির্ধারণ করে দেবেন। চামড়া পাচার রোধে এবং চামড়া যেন সীমান্ত অভিমুখে যেতে না পারে, সে ব্যবস্থাও আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকে করবে।


























