ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

কক্সবাজারের উখিয়া হতে কুতুপালং শরণার্থী ক্যাম্প পর্যন্ত শহিদ এটিএম জাহিদ আলম সড়কের প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার তিনি এই সড়কের প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়।
প্রায় দুই কোটি টাকা ব্যয়ে সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ এ সড়কের প্রশস্তকরণ কাজ আগামী ৯০ দিনের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এ সড়কের উভয়পাশে এক মিটার করে প্রশস্ত করা হবে।
উদ্বোধনকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব উদ্দিন আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কক্সবাজার জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























