কক্সবাজার প্রতিনিধি , জনতারআদালত.কম । ১৪ অক্টোবর, ২০১৭ ।

কক্সবাজারের উখিয়ায় বন্যহাতির আক্রমণে শিশুসহ ৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। উখিয়ার বালুখালী ক্যাম্পে শনিবার ভোরে এই ঘটনা ঘটে।
উখিয়া থানার ওসি (তদন্ত) মো. কায় কিসলু বলেন- শনিবার ভোর ৫টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক সংলগ্ন পাহাড়ী এলাকায় একদল বন্য হাতি প্রবেশ করে। হাতির দল এক পর্যায়ে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে ব্যাপক তান্ডব চালায়। এই সময়ে ক্যাম্পের বাসিন্দারা দিক-বিদিক পালাতে থাকে।
ওসি জানান- বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যান ২ রোহিঙ্গা। আহত হন আরো কয়েকজন। আহত ৬ জনকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান আরও ২ জন। মৃতদেহ গুলো ক্যাম্পে রাখা হয়েছে। স্থানীয় ভাবে দাফনের ব্যবস্থা নেয়া হচ্ছে।
কায় কিসলু জানান নিহতদের মধ্যে ৩০-৩৫ বছর বয়সী এক নারী এবং ২ মেয়ে শিশু ও ১ ছেলে শিশু রয়েছে। তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
এক সপ্তাহ আগেও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকা মধুরছড়ায় বন্যহাতির আক্রমণে রোহিঙ্গা পিতা ও মেয়ে নিহত হয়। এ নিয়ে গত ১০ দিনে বন্যহাতির আক্রমণে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া ৬ জন নিহত হন।


























