কক্সবাজার প্রতিনিধি , জনতারআদালত.কম । ১২ সেপ্টেম্বর, ২০১৭ ।

রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৯০৯ ফ্লাইটটি অবতরণ করে কক্সবাজার বিমানবন্দরে।
কক্সবাজার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে সড়কপথে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কুতুপালং এলাকায় আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপেক্ষায় আছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে আশার সঞ্চার হয়েছে।


























