ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রোববার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ইসলামী আন্দোলন, বাংলাদেশের সঙ্গে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশনের সংলাপ-সূচি অনুযায়ী রোববার বেলা ১১টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বিকেল ৩টায় ইসলামী আন্দোলন, বাংলাদেশের সঙ্গে বসার কথা রয়েছে ইসি’র।
গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের এই সংলাপ শুরু হয়। ওইদিন বিকেল ৩টায় কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)। এরপর ঈদের আগে পর্যায়ক্রমে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, খেলাফত মজলিস, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জাগপার সঙ্গে সংলাপে বসে কমিশন।
ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ইসিতে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ১২টি দলের সঙ্গে সংলাপের সময়-সূচি চূড়ান্ত হয়েছে। এরমধ্যে ঈদের আগে ৬টি দলের সঙ্গে সংলাপ হয়েছে। ঈদের পরে আগামীকাল থেকে আবার সংলাপ শুরু হবে। ইতোমধ্যে এদের কাছেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিবন্ধনকৃত দলগুলোর মধ্য থেকে নিবন্ধক্রম অনুযায়ী শেষের দিক থেকে পর্যায়ক্রমে দলগুলোকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিদিন দু’টি দলের সঙ্গে সংলাপ হচ্ছে। প্রতিটি দলের ১০জন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
কমিশনের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান আজ জানান, রোববারের পর ১২ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস, বিকেল ৩টায় ইসলামী ঐক্যজোট, ১৪ সেপ্টেম্বর বেলা ১১টায় কল্যাণ পার্টি ও বিকেল ৩টায় ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ, ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় পার্টি, ১৮ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ও বিকেল ৩টায় প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ২০ সেপ্টেম্বর বেলা ১১টায় গণফ্রন্ট ও বিকেল ৩টায় গণফোরাম, ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ ও বিকেল ৩টায় ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) এর সঙ্গে সংলাপে বসবে কমিশন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে নির্বাচন বিশেষজ্ঞসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। সুশীল সমাজের ৫৯ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কমিশন সংলাপে বসে। এই দুই দিনে অর্ধশত গণমাধ্যম প্রতিনিধির কাছ থেকে কমিশন বিভিন্ন পরামর্শ গ্রহণ করে।


























