ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৩ নভেম্বর, ২০১৭ ।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। তবে কোন পদ্ধতিতে মোতায়ন করা হবে-সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। একইভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করা সম্ভব হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার।
সোমবার বিকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
যদিও এর আগে আরেক নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছিলেন, আগামী নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করা হবে না। এছাড়া আরপিওতে ইভিএম ব্যবহারের বিধান যুক্ত করা হবে।
ওই বক্তব্যের তিন দিনের মাথায় ভিন্ন বক্তব্য দিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিকালে নির্বাচন ভবনে কয়েকটি সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের প্রধান নির্বাচন কমিশনারসহ সবার অনুভূতি হচ্ছে যে, সেনা মোতায়েন হবে। তবে সেনাবাহিনীকে আমরা কীভাবে কাজে লাগাব, কী প্রক্রিয়ায় তারা যুক্ত হবে সেটা বলার সময় হয়নি। কমিশন এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। কমিশন সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
বলেন, “পুরাতন ইভিএম অকার্যকর ঘোষণা করা হয়েছে। কিছু ভালো আছে সেগুলো দিয়ে রংপুর কিংবা অন্য জায়গায় দেখার চেষ্টা করছি ইভিএম কার্যকর করা যায় কি না।


























