spot_img

ইউপির সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হলে উন্নয়নে ঋণের প্রয়োজন হবে না : তাজুল

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

দেশের সকল ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধি করে জবাবদিহিতার আওতায় আনতে পারলে উন্নয়নের জন্য বিদেশী ঋণের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি আজ রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ ও ইনস্টিটিউট অব চার্টাড একাউটেন্টস অব বাংলাদেশ (আইসিএবি)’র যৌথ উদ্যোগে আয়োজিত ইউনিয়ন পরিষদের আর্থিক কর্মকান্ড নিরীক্ষার জন্য নিয়োজিত নিরীক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
তাজুল ইসলাম বলেন, ‘ইউনিয়ন পরিষদগুলোর ক্ষমতা বৃদ্ধি করে তার জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে আয়বর্ধক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘আত্মনির্ভরশীলতার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে যাতে ইউনিয়ন পরিষদগুলো অবদান রাখতে পারে তার ব্যবস্থা করা গেলে দেশের উন্নয়নের জন্য উন্নয়ন সহযোগী দেশ ও প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে ঋণ নিতে হবে না’।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে তৃণমূল পর্যায়ে কাজ করে থাকে। প্রতিষ্ঠানটির পরিধি অনেক বেশি এবং প্রান্তিক পর্যায়ের মানুষের সঙ্গে তাদের সংযোগ থাকে। তাই যে কোনো দুর্যোগ-দুর্বিপাক, দুঃসময় ও আপদে-বিপদে এই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে পাশে থাকে।
পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় আমাদের মাথাপিছু আয় সবচেয়ে বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, যে জাতি যত উন্নত-সমৃদ্ধ হবে সে দেশের নাগরিকরাও তত উন্নত হবে। বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে যদি সম্পদে রূপান্তর করা যায় এবং আমরা যদি আমাদের উপর অর্পিত নিজ নিজ দায়িত্ব দেশপ্রেম নিয়ে পালন করি তাহলে দেশে অর্থনৈতিক বিপ্লব ঘটবে।
সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পাালন করার জন্য নিয়োগ প্রাপ্ত অডিটরদের প্রতি আহবান জানিয়ে মন্ত্রী বলেন, যারা মাঠে এই দায়িত্ব পালন করবেন তারা তাদের অভিজ্ঞতার আলোকে কোন সুপারিশ করলে সে সুপারিশসমূহ আমলে নিয়ে পরবর্তীতে নীতিমালা প্রণয়নের সময় সংযোজন করা হবে ।
তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদে অডিট করার মাধ্যমে যেমন স্বচ্ছতা এবং জবাবদিহিতা আসবে তেমনি চেয়ারম্যান ও সদস্যদের জন্য সমাজে অবদান রাখার সুযোগ তৈরি হবে।
স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএবি’র প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু।
এছাড়াও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ