ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
চীন থেকে সাড়ে সাত কোটি ডোজ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিএসএমএমইউ’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আইসিইউ এবং এইচডিইউসহ এক হাজার শয্যার একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়।
জাহিদ মালেক বলেন, ‘চীনের সঙ্গে আমাদের দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। এরই মধ্যে তারা টিকা পাঠানোও শুরু করেছে। আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি শিগগিরই হবে। আগামী অক্টোবর ও নভেম্বর মাসেই দুই কোটি করে মোট চার কোটি ডোজ টিকা আসবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে ১৮ হাজার কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। এটা চলমান প্রক্রিয়া। টিকা পাওয়া সাপেক্ষে অনেক কিছু নির্ভর করে। সারা বছরব্যাপী আমাদের টিকা কার্যক্রম চলবে। গ্রামগঞ্জে টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স্ক নারীদের বেশি গুরুত্ব দেব। কারণ আমাদের ফ্রন্টলাইনের লোকজন, ছাত্ররা প্রায় টিকা পেয়েছেন। তাই আমরা বর্তমানে গ্রামগঞ্জে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি।
বিএসএমএমইউর ফিল্ড হাসপাতাল প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, বিএসএমএমইউর ফিল্ড হাসপাতালে আপাতত ৩৫৭টি শয্যা নিয়ে যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে ৪০টি আইসিইউ, বাকিগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। আর হাসপাতালটিকে পর্যায়ক্রমে এক হাজার বেডে উন্নীত করা হবে।
জাহিদ মালেক বলেন, কোভিড চিকিৎসার সব ধরনের সুযোগ-সুবিধা এখানে আছে। তবে সব রোগীকে এখানে ভর্তি করা হবে না। নতুন রোগী ও মুমূর্ষু রোগীরা এখানে আসবে, তাদের চিকিৎসা দেয়া হবে।


























