ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ২৮ জুলাই, ২০১৭ ।

সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে মার্কিন মুলুকে মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন ব্রিটেনের যুবক আলি গুল। তাঁকে লস এঞ্জেলস বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটকে রাখা হল। এরপর ওই মুসলিম যুবক ও তাঁর স্ত্রীকে বিমানবন্দর থেকে ফের ব্রিটেনে ফেরত পাঠানো হল।
ব্রিটেনের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আলি তাঁর স্ত্রী নাতাসা পলিটাকিসকে গত এপ্রিলে বিয়ে করেন। তাঁরা দু’জনেই ব্রিটেনের নাগরিক। লস এঞ্জেলস, হাওয়াই এবং লাস ভেগাসে তাঁরা বেড়াতে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। সেইমতো একটি ভ্রমণ সংস্থাকে ৭ হাজার পাউন্ড দিয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে নামার পরই আলি গুলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন মার্কিন অভিবাসন দপ্তরের আধিকারিকরা।
আলি এবং তাঁর স্ত্রীকে প্রায় ২৬ ঘণ্টা বিমানবন্দরে আটকে রাখা হয়। আলি তুরস্কের বংশোদ্ভূত বলে আধিকারিকরা সন্দেহ করেন। এরপর তাঁদের ফের ব্রিটেনের বিমানে করে দেশে ফেরত পাঠানো হয়। পরে নাতাসা বলেন, মার্কিন অভিবাসন কর্তাদের এমন ব্যবহারে তাঁরা হতবাক। আলি ব্রিটেনের নাগরিক। তাঁর ব্রিটেনের পাসপোর্টও রয়েছে। অভিবাসন কর্তাদের বেড়াতে যাওয়ার যাবতীয় নথি দেখানো সত্ত্বেও তাঁদের ফিরিয়ে দেওয়া হল।
এমনকী তাঁদের সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করা হয়। তাঁর অভিযোগ, আলি মুসলিম হওয়ার কারণেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাঁদের আমেরিকায় ঢুকতে দিল না। এব্যাপারে তাঁরা ব্রিটেনে মার্কিন দূতাবাসের কাছে অভিযোগ দায়ের করবেন।


























