চট্টগ্রাম ব্যুরো, জনতারআদালত.কম । ৩০ অক্টোবর, ২০১৭ ।

ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার নির্দেশ নিয়ে একটি অনলাইন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যে অডিও প্রকাশিত হয়েছে- তা কারসাজি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে শাহাদত হোসেন বলেন, আমি সব সময় রাজনীতির সুষ্ঠু ধারায় বিশ্বাসী এবং পরিচ্ছন্ন রাজনীতি করে এসেছি। আমার কণ্ঠ দেশবাসী চেনে ও জানে। বিভিন্ন মিডিয়ার টকশোতে আমি সব সময় কথা বলে আসছি। ‘দৈনিক খবর ২৪ ডট কম’ অনলাইন পত্রিকা আমার ছবি ও কণ্ঠ বলে যে অডিও প্রকাশ করেছে, আমি সেই শাহাদত নই। আমি এর নিন্দা জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে ওই অনলাইন পত্রিকার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা সহ প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানান তিনি।
এসময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সহ নগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























