ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
জুলাই মাসের আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সাকিব আল হাসান। ভোটাভুটির মাধ্যমে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
গত জুনে বাংলাদেশের উইকেট রক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম নির্বাচিত হন আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ। যা বাংলাদেশি ক্রিকেটারদের জন্য ছিল প্রথমবার। এবার এক মাস পর আবারও সেই তালিকায় জায়গা হয়েছে বাংলাদেশের কোনও খেলোয়াড়ের নাম।
গত জুলাইতে পারফরম্যান্স বিবেচনায় সেরা হয়েছেন বিশ্বসেরা এই অল-রাউন্ডার! সাকিবের সঙ্গে থাকা দুই মনোনয়নপ্রাপ্তরা ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ।
মেয়েদের মধ্যে এ মাসে সেরা ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর।
অভিজ্ঞ বাংলাদেশি তারকা সাকিব জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে ছিলেন বেশ ধারাবাহিক। একমাত্র টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫টি উইকেট দখল করেন। এছাড়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট দখল করেন। যেখানে পুরো সিরিজে ৮টি উইকেট নিয়ে ছিলেন সর্বোচ্চ উইকেটি শিকারি। এছাড়া ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯৬ রানে অপরাজিত থেকে দলকে জেতান।
৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরিজ শামসি। অন্যদিকে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সেরা ব্যাটসম্যান হিসেবে আছেন ইংল্যান্ডের দাওয়িদ মালান। যার রেটিং পয়েন্ট ৮৪১।


























