ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
থাইল্যান্ড সোমবার তার প্রতিবেশী কম্বোডিয়ার বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিতর্কিত সীমান্তে সর্বশেষ হামলার ঘটনা এটি। থাই সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
থাই সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারি এক বিবৃতিতে বলেন, ‘হামলা ঠেকাতে কম্বোডিয়ান বাহিনীর বেশ কয়েকটি এলাকার সামরিক স্থাপনায় বিমান হামলা’ শুরু করেছে থাইল্যান্ড।’
তিনি আরও জানান, রোববার কম্বোডীয় বাহিনীর হামলায় একজন থাই সেনা নিহত ও দু’জন আহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই বিমান হামলা চালানো হয়েছে।
অন্যদিকে কম্বোডীয় সেনা সদরদফতরের আইএসপিআর এক পৃথক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় ভোর ৫টা ৪ মিনিটে থাই বিমান বাহিনী তাদের সেনা স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতিতে অভিযোগ করা হয় গত কয়েকদিন ধরে থাই বাহিনী ধারাবাহিক উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে, আর সোমবারের হামলাও সেই ধারাবাহিকতার অংশ।
এ হামলায় কম্বোডিয়ার কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রোববার দুপুর ২টা ১৫ মিনিটে সি সা কেত প্রদেশের থাই সীমান্ত লক্ষ্য করে গুলি ছোড়ে কম্বোডীয় সেনাবাহিনী। এতে দু’জন থাই সেনা আহত হন। এরপর পাল্টা গুলি চালায় থাইল্যান্ড। প্রায় ৩৫ মিনিট স্থায়ী হয় সংঘাত।


























