spot_img

আদালত ও রায়ের প্রতি সরকার শ্রদ্ধাশীল হবে ; জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি’র আশা প্রকাশ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২২ আগষ্ট, ২০১৭ ।

সুপ্রিমকোর্ট ও প্রধান বিচারপতি নিয়ে প্রধানমন্ত্রীর আক্রমণাত্বক বক্তব্যে বিএনপি হতবাক ও বিস্মিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “গতকাল (সোমবার) একটি দলীয় সভায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, বিচার বিভাগ, বিচারকবৃন্দ এমনকি প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করে যে বক্তব্য দিয়েছেন, তাতে আমরা বিচলিত ও হতবাক হয়েছি।বর্তমান ক্ষমতাসীনরা রায়ের কারণে বিচার বিভাগকে আক্রমণের টার্গেটে পরিণত করে যে পরিবেশ সৃষ্টি করেছেন, তা দেশ, জাতি ও রাজনীতির জন্য এক অশনি সঙ্কেত বলেই আমরা মনে করি।”

মির্জা ফখরুল আশঙ্কা প্রকাশ করেন এস কে সিনহাকে প্রধান বিচারপতির পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, ‘নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে দ্বন্ধ আগুন নিয়ে খেলার শামিল।’ তিনি আশা প্রকাশ করেন, সরকার তার অবস্থান থেকে সরে আসবে, আদালত ও রায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিচারকদের বিরুদ্ধে লাঠি মিছিল করেছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বস্তি বসিয়েছে। বিচারকদের এজলাস ভাঙচুর করেছে। আর এবার তারা প্রধান বিচারপতিসহ উচ্চ আদালতকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। বিচার বিভাগের ব্যাপারে তাদের নীতি হচ্ছে বিচার মানি তাল গাছ আমার।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাস বাবুল, সহ-তথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ