spot_img

আজ বিজয়া দশমী : প্রতিমা বিসর্জন

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

বছর ঘুরে আবারও এল বিজয়া দশমী, শারদীয় দুর্গোৎসব। আজ বিজয়া দশমী, দুর্গোৎসবের শেষ দিন। বাঙালি হিন্দুসমাজের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের এই শুভক্ষণে আমরা সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা।

মা দুর্গার বিদায়-বিসর্জনের দিনটিতে একদিকে বিদায়ের শোক ও বেদনা, অন্যদিকে দুর্গতিনাশিনী ও কল্যাণময়ী মা যে এইবারও পিতৃগৃহে আসিয়াছিলেন, সেই আনন্দের রেশ বহমান। মমতাময়ী মায়ের এই বিসর্জন রূপক স্বরূপ। পাঁচ দিনের পূজা শেষে তিনি ভক্তদের অন্তর মন্দিরে চলিয়া যান। সেখানে নিত্য বিরাজ করেন।

এই বছর ২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শারদীয় দুর্গোত্সবের আনুষ্ঠানিকতা শুরু হয়। অতঃপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে সনাতন ধর্মাবলম্বীদের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। মূলত আশ্বিন বা কার্তিকের শুক্লপক্ষে শরত্কালে এই পূজা করা হয় বলিয়া ইহা শারদীয় দুর্গাপূজা হিসাবে সমধিক পরিচিত। আবার এই পূজায় হিন্দুদের সকল বর্ণের লোকেরাই অংশগ্রহণ করিয়া থাকেন বিধায় ইহাকে বলা হয় সার্বজনীন পূজা।

আজ সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে দশমীবিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন দেওয়া হবে। এরপর সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে বিজয়ার শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। সর্বত্র বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন।

বিসর্জনের উদ্দেশে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবে বিকেল ৪টায়। এর আগে রাজধানীর ২৩১টি পূজামণ্ডপের অধিকাংশই এসে জমা হবে পলাশীর মোড়ে। সেখান থেকে সম্মিলিত বাদ্য-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা। এরপর সদরঘাটের ওয়াইজঘাটের বুড়িগঙ্গা নদীর জলে একে একে বিসর্জন দেওয়া হবে প্রতিমা।

বিজয়া দশমী উপলক্ষে শনিবার সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ স্যাটেলাইট টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ সংখ্যা ও নিবন্ধ। শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন।

সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার মর্তলোকে (পৃথিবী) আসেন নৌকায় চড়ে; যার ফল হচ্ছে অতি বৃষ্টি ও শস্য বৃদ্ধি। আর মা দুর্গা স্বর্গলোকে বিদায় নেবেন ঘোটকে (ঘোড়া) চড়ে, যার ফল হচ্ছে রোগ-ব্যধি বাড়বে ও ফসল নষ্ট হবে। তবে এ প্রসঙ্গে ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ বলেন, ফলাফল যাই হোক মা মঙ্গলময়ী, আনন্দময়ী। তিনি জগতের কল্যাণ করেন। তিনি সন্তানের কল্যাণই করবেন।

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। দিনটি উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। তা ছাড়া জাতীয় দৈনিকগুলোতেও থাকবে বিশেষ নিবন্ধ।

সারা দেশে এবার পূজামণ্ডপের সংখ্যা ৩০ হাজার ৭৭। গত বছর এ সংখ্যা ছিল ২৯ হাজার ৩৯৫। গতবারের চেয়ে এবার ৬৮২টি বেশি মণ্ডপ হয়েছে। রাজধানী ঢাকায় এবার পূজা হচ্ছে ২৩১টি মণ্ডপে, গত বছর এই সংখ্যা ছিল ২২৯। এবার সবচেয়ে বেশি পূজামণ্ডপ হয়েছে চট্টগ্রামে। সেখানে এক হাজার ৭৬৭টি মণ্ডপে পূজা হচ্ছে। এর পরে দিনাজপুরে এক হাজার ২৪২টি এবং গোপালগঞ্জে এক হাজার ১৭৫টি মণ্ডপে পূজা হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিশ্চিত করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ