ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
শুক্রবার (১২ জুলাই) বিকেলের মধ্যেই গ্যাস সংকট কেটে যাবে বলে সুখবর দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানায়, বিকেল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও গ্যাস গ্রিডের প্রেসারের (বর্তমান ৭০ পিএসআই) সঙ্গে সিঙ্ক্রোনাইজ করে পর্যায়ক্রমে গ্যাস সঞ্চালন ও চাপ বৃদ্ধি করা হচ্ছে।
এর আগে, ৯ জুলাই চট্টগ্রামের কর্ণফুলী নদীর আনোয়ারা প্রান্তে গ্যাস সঞ্চালন সংস্থা জিটিসিএলকে কিছুই না জানিয়ে তাদের ৪২ ইঞ্চি ব্যাসের একটি পাইপের ওপর চীনা কোম্পানির নিয়োগ করা একটি ঠিকাদার প্রতিষ্ঠান খননকাজ চালাতে গিয়ে সেটি ছিদ্র করে ফেলে। এতে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়।
এরপর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সকল পাইপলাইনের ম্যাপ রাখার নির্দেশ দিয়ে বলেন, ম্যাপ হাতে থাকলে এরকম দুর্ঘটনা ঘটবে না। গ্রাহক ভোগান্তি লাঘব করতে নিয়মিত মনিটরিং বাড়াতে হবে। এ সময় অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।


























