spot_img

আইএফআরসির মহাসচিব বুধবার বাংলাদেশ সফরে আসছেন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৪ অক্টোবর, ২০১৭ ।

 

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির’ (আইএফআরসি)-এর মহাসচিব আলহাজ আস সাই দু’দিনের সফরে বুধবার ঢাকায় আসছেন।

মঙ্গলবার বাংলাদেশ রেডক্রিসন্ট সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএফআরসির মহাসচিব বুধবার ভোর পৌঁনে পাঁচটায় ঢাকায় পৌঁছবেন এবং একইদিন সকাল সাড়ে ৯টায় কক্সবাজারের উদ্দেশ্য রওয়ানা হবেন।

এতে আরও বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইএফআরসির মহাসচিবকে স্বাগত জানাবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপি। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বিএমএম মোজহারুল হক এবং বাংলাদেশে আইএফআরসি’র প্রধান আজমত উল্লাহ উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সফরকালে আইএফআরসির মহাসচিব প্রথমদিন বুধবার সকাল সাড়ে ১১টায় কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে বিডিআরসিএস কর্মকর্তা ও স্বেচ্চাসেবকদের সাথে বৈঠক, দুপুর ১টা ৫৫ মিনিটে স্থানীয় হাকিমপাড়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শণ করবেন।

এ সময় তিনি ক্যাম্পে অবস্থানরত মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
পরে তিনি বাংলাদেশে আগত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঘুমধুুমে স্থাপিত রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতাল পরিদর্শন করবেন।

ওইদিন রাত সাড়ে ৯টায় কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইজে সরকারী কর্মকর্তা, জাতিসংঘ এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দিবেন।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপি, ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান, মহাসচিব বি.এম.এম মোজহারুল হক, এনডিসিসহ আইএফআরসির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

আলহাজ আস সাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পপুলেশন মুভমেন্ট অপারেশন কক্সবাজার অফিসে বিডিআরসিএস ও আইএফআরসি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এদিন দুপুর সাড়ে ১২টায় তামরু সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। পরে তিনি বিকাল ৩টা ৫৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদেশ্য রওয়ানা হবেন।
তিনি শুক্রবার ভোর সাড়ে ৪টায় জেনেভার উদ্দেশ্য ঢাকা ছাড়বেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ