spot_img

অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন বিশ্ব রাজনীতির ইতিহাসে অনন্য ঘটনা : ইনু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন বিশ্ব রাজনীতির ইতিহাসে অনন্য ঘটনা।
তিনি বলেন, একাত্তর সালের ১০ এপ্রিল অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন এবং ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধের রাণাঙ্গনে মুজিবনগরে সেই সরকারের শপথ গ্রহণ শুধু মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের জাতীয় ইতিহাসই নয়, বিশ্ব রাজনীতির ইতিহাসে এক অনন্য মহান ঘটনা।
ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইনু এ কথা বলেন। জাসদ স্থায়ী কমিটির সদস্য নুরুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মোঃ আনোয়ারুল হক প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।
হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তাঁকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি, জাতীয় নেতা অধ্যাপক সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী, জাতীয় নেতা এ এইচ এম কামারুজ্জামান, জাতীয় নেতা মনসুর আলীসহ নির্বাচিত গণপরিষদ সদস্যদের নিয়ে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত স্বাধীন রাষ্ট্রের ন্যায্যতা আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত করেছিল।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শীতার প্রশংসা করে বলেন, বঙ্গবন্ধু নিজেই তার অনুপস্থিতিতে জাতি যেন নেতৃত্বশুন্য না হয় তার জন্য চার জাতীয় নেতা, চার যুবনেতা, চার ছাত্রনেতা কার কি দায়িত্ব-কর্তব্য তা নির্ধারণ করে দিয়েছিলেন। অস্থায়ী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিবাহিনী, গণবাহিনী, মুজিব বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌ কমান্ডোসহ আঞ্চলিক বাহিনীগুলোকে শৃংখলার মধ্যে রেখে পারিচালনা করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ