ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ২ ম্যাচ হাতে রেখেই পাওয়া এই জয়ে প্রথমবারের মতো যেকোন ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারালো টাইগাররা।
রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে খেলার ফলাফল দেখতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের শেষ বল পর্যন্ত।
১২৮ রানের লক্ষ্যে শুরু থেকে মনে হয়নি অজি হুমকি হয়ে দাঁড়াতে পারবে। দ্বিতীয় ওভারে ম্যাথু ওয়েড ফিরে গেলে প্রতিবন্ধক হয়ে ছিলেন কেবল মিচেল মার্শ ও ম্যাকডারমট। দুজনে মিলে এগিয়ে নিতে থাকেন অস্ট্রেলিয়াকে। ৬৩ রান আসে এই জুটিতে।
১৪তম ওভারে ম্যাকডারমোর্টকে বোল্ড করেন সাকিব। দুই ছক্কায় ৪১ বলে ৩৫ রান করে ফেরেন এই ওপেনার।
সতীর্থ ফিরলেও উইকেটে থিতু হয়ে ছিলেন মার্শ। ৪৫ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। তবে হাফসেঞ্চুরির পর বেশিদূর যেতে পারলেন না। পরের ওভারেই তাঁকে ফিরিয়ে দেন শরিফুল। ৪৭ বলে ৫১ রান করে আউট হন মার্শ। অভিজ্ঞ মার্শ ফিরলে শেষ দিকে ১১৭ রানে থামে অসিরা।
এর আগে বাংলাদেশ টস জিতে ব্যাট করে ৯ উইকেটে সংগ্রহ করে ১২৭ রান। শুরুর দিকে ব্যাটসম্যানরা অবশ্য এর যথার্থতা প্রমাণ করতে পারেনি। পরে সাকিব-মাহমুদউল্লাহর ৪৪ রান, আফিফ-মাহমুদউল্লাহর ২৯ রান ও শেষভাগে মেহেদী-মাহমুদউল্লাহর ৩০ রানের জুটিই সমৃদ্ধ স্কোরবোর্ড পেতে সহায়তা করেছে।
৫৩ বলে ৫২ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ফিরে যান শেষ দিকে। এলিসের বলে ফিরে যাওয়ার আগে তার ইনিংসে ছিল ৪টি চার। অবশ্য এই অভিষিক্ত এলিসই এর পর তুলে নেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক! পর পর ফেরান মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসানকে। তাতে ৯ উইকেটে ১২৭ রানে থামে বাংলাদেশ।
৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন অভিষিক্ত পেসার নাথান এলিস। দুটি করে নিয়েছেন জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১২৭/৯ (নাইম ১, সৌম্য ২, সাকিব ২৬, মাহমুদউল্লাহ ৫২, আফিফ ১৯, শামীম ৩, সোহান ১১, মেহেদী ৬, মুস্তাফিজ ০, শরিফুল ০; হেইজেলউড ৪-০-১৬-২, জাম্পা ৪-০-২৪-২, অ্যাগার ৪-০-২৩-০, মার্শ ১-০-১৫-০, ক্রিস্টিয়ান ২-০-৯-০, এলিস ৪-০-৩৪-৩, টার্নার ১-০-২-০)।
অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১১৭/৪ (ম্যাথ ওয়েড ১, ম্যাকডামোর্ট ৩৫, মার্শ ৫১, ক্রিস্টিয়ান ৭, হেনরিকেস ২, অ্যালেক্স ২০ ; সাকিব ৪-০-২২-১, শরিফুল ৪-০-২৯-২, মুস্তাফিজ ৪-০-৯-০, সৌম্য ১-০-৯-০, নাসুম ৪-১-১৯-১)।
ফল : ১০ রানে জয়ী বাংলাদেশ।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী বাংলাদেশ।


























