রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ০৪ অক্টোবর, ২০১৭ ।

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত এ কার্যক্রম চলার কথা রয়েছে।
জানা গেছে, বাংলাদেশ নির্বাচন কমিশন ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ছবি তোলার সংশোধিত কর্মপরিকল্পনায় সারা বাংলাদেশের ন্যায় ইসলামপুর উপজেলাতেও শুরু হয়েছে। ইতিমধ্যে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় এ হালনাগাদের কার্যক্রম চলছে।
উপজেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি ইউনিয়নে নতুন ভোটার তালিকা প্রস্তুত, ভোটারদের ছবি তোলা ও নিবন্ধনের জন্য প্রতিটি ইউনিয়নের নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র খোলা হয়েছে। এ উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা ২ লাখ ১৪ হাজার ১০৫ জন রয়েছে। তবে এ হালনাগাদ কার্যক্রমে শতকরা ৩.৫ হারে ৭ হাজার ৪৯১ জন নতুন ভোটার তালিকাভুক্ত করার সিদ্ধান্ত রয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামাল হোসেন চৌধুরী জানান, এবারের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার ও বাদপড়া ভোটারদের অন্তর্ভুক্ত করার কাজ চলছে। তবে শতকরা ৩.৫ ভাগ নতুন ভোটার করার সিদ্ধান্ত রয়েছে। এটা কমবেশি হতে পারে। আজ বুধবার ইসলামপুর পৌরসভা ভবন এবং আগামীকাল বৃহস্পতিবার সারা উপজেলায় বাদপড়া ভোটারদের নিবন্ধন ও ছবি তোলা হবে। তবে ভোটার পরিচয়পত্র সংশোধনী কার্যক্রম চলমান রয়েছে।


























