ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ০২ অক্টোবর, ২০১৭ ।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী জানিয়েছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে মিয়ানমার।
সোমবার পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দফতরের মন্ত্রী কিয়াও তিন্ত সোয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের কাছে আনুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় চুক্তির খসড়াও হস্তান্তর করেছে বাংলাদেশ।
মাহমুদ আলী বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সফরে যাবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত মিয়ানমারের ক্যাবিনেট মন্ত্রী কিও তিন্ত সোয়ের সঙ্গে বৈঠক শেষে আজ সোমবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে সকাল ১১টার কিছু আগে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে আলোচনা শুরু হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের প্রমুখ উপস্থিত ছিলেন।
আর মিয়ানমারের ক্যাবিনেট মন্ত্রী ছাড়াও দেশটির উচ্চপর্যায়ের দুই কর্মকর্তা ছিলেন ওই বৈঠকে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে দুই দেশের মধ্যে ‘নিরাপত্তা সহযোগিতার’ বিষয়েও ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা হয়েছে এবং বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’ পুনর্ব্যক্ত করেছে বলে মাহমুদ আলী জানান।
“আমরা যেটা বলে আসছি প্রথম থেকে, শান্তিপূর্ণ উপায়ে আমরা এই সমস্যার সমাধান করতে চাই। দুই পক্ষই তাতে একমত হয়েছে,” বলেন পররাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া কবে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, “একটা সভা দিয়েতো সব সমাধান হবে না। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপটা তৈরি করতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে দেব, ওরা ওদের পক্ষ থেকে দেবে। এটা খুব তাড়াতাড়ি করেছি।”
যে বিষয়গুলো বাকি রয়েছে, আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধান করা যাবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।


























