জুলফিকার আলী শাহীন, নেত্রকোনা, জনতারআদালত.কম । ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত মালিতে নিহত সেনা সদস্য জাকিরুলের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার সকালে নিহতের জারিয়া গ্রামের বাড়িতে দেখা যায় তার বৃদ্ধ বাবা ছফির উদ্দিন সরকার, মা জোসনা বেগম, স্ত্রী মার্জিয়া তামান্ন বারবার মূর্ছা যাচ্ছেন। জাকিরুলের ৬ বছরের ছেলে তাজ ও ৩ বছরের ছেলে তাজদীদ রয়েছে নির্বিকার।
পারিবরিক সূত্রে জানা যায়, গত রবিবার বিকেল তিনটার দিকে ঢাকা থেকে জাকিরুলের চাচাত ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শফিকুল ইসলাম ফোনে জাকিরুলের মৃত্যু সংবাদটি তার পরিবারকে জানান।
জানা যায়, গত শনিবার বাংলাদেশী শান্তিরক্ষা বাহিনীর সাথে সন্ত্রাসীদের তুমুল সংঘর্ষ হয়। শান্তিরক্ষিরা তাদের প্রতিহত করতে সফলও হন। রবিবার দায়িত্বপালন শেষে ক্যাম্পে ফেরার পথে সন্ত্রাসীদের পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে জাকিরুল নিহত হন।
শনিবার বিকেলে স্ত্রী ও মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলেন জাকিরুল । জাকিরুল গত ২০০২ সালে সেনাবাহিনীর আর্টিলারী কোরে যোগদান করেন। চলতি বছরের ১৭ মে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিয়ে মালিতে কর্মরত ছিলেন। জাকিরুল ৩ ভাই ও ২ বোনের মধ্যে সবার ছোট।


























